আন্তর্জাতিক ডেস্ক: ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তারানেহ ও রোমিনা রহিমি নামের ওই দুই বোনকে গত ফেব্রুয়ারিতে ইসফাহানের একটি কারাগার থেকে তুলে নেওয়া হয়। পরিবারের দাবি, মুখোশ পরা ব্যক্তিরা গভীর রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এরপর প্রায় চার মাস তাদের কোনো খোঁজ পায়নি পরিবার।
মে মাসে কারাগারে মেয়েদের সঙ্গে দেখা করার সুযোগ পান তাদের মা মারজিয়ে নুরমোহাম্মাদি। পরিবারের এক আত্মীয়ের দাবি, তখন দুই বোনকে মারধরের চিহ্নে গুরুতর আহত অবস্থায় দেখা যায়। তাদের মুখ ফুলে ছিল, শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল এবং হাত-পা ও কনুইয়ে ভাঙার অভিযোগও রয়েছে। দীর্ঘ সময় নির্জন কারাগারে রাখার পাশাপাশি চুল ধরে টেনে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছে পরিবার।
তারানেহ আদালতে দাবি করেন, নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এমনকি স্বীকারোক্তিতে সই না করলে তার বোন রোমিনাকে কারারক্ষীরা ধর্ষণ করবে বলে হুমকি দেওয়া হয়েছিল-এমন অভিযোগও করেছেন তিনি। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, দুই বোন ৮ ও ৯ জানুয়ারি ইসফাহানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়েছে।
এদিকে, ইরানে চলতি বছরে শত শত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
জা.অর্থনীতি/এসআই
