আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বার্তা দিতে বড় একটি ব্যবসায়ী দল নিয়ে ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ২৪ সেপ্টেম্বর দুই দেশের শীর্ষ বৈঠক সামনে রেখে এই সফরের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, বিদেশ সফরে সাধারণত বড় কোনো করপোরেট প্রতিনিধি দল সঙ্গে নেন না শি। তবে এবার সেই অবস্থান থেকে সরে এসে চীনের শীর্ষস্থানীয় কয়েকজন প্রধান নির্বাহী কর্মকর্তাকে সফরসঙ্গী করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কারা ওই দলে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, চীনা সিইওদের কোনো প্রতিনিধি দল আসার বিষয়ে তাদের কাছে তথ্য নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, চলতি বছর দুই দেশের নেতাদের সম্ভাব্য বৈঠক নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ চলছে।
বিশ্লেষকদের মতে, শির এই উদ্যোগের লক্ষ্য শুধু ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা নয়; বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্যিক চুক্তির ক্ষেত্র তৈরি করাও। তবে বড় কোনো চুক্তি বা উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা খুব বেশি নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র চীনা রেয়ার আর্থ রপ্তানি বাড়ানো এবং বাণিজ্য বোর্ড নিয়ে সমঝোতার চেষ্টা করবে। অন্যদিকে চীন আরও শুল্ক ছাড়ের দাবি জানিয়ে আসছে।
২০১৫ সালের যুক্তরাষ্ট্র সফরেও বড় ব্যবসায়ী দল সঙ্গে নিয়েছিলেন শি। ওই সফরে চীন ৩০০টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য ৩৮ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল।
চলতি বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ১৮ জন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে চীন সফর করেন। ওই দলে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ও টেসলার ইলন মাস্ক।
জা.অর্থনীতি/এসআই
