নেপালে নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৪৮৪

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ হড়পা বান, ভূমি ও পাহাড় ধসের পর নিখোঁজ পর্যটকের সংখ্যা বেড়ে ৪৮৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৩৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি। বিদেশিরা ২৮টি দেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) নেপালের পুলিশের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

এদিকে আকস্মিক এই হড়পা বানে ১৯টি সেতু আর ৪০ কিলোমিটার সড়ক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, তিব্বতে তিনজনের মৃত্যু এবং ২৬৫ জন নিখোঁজ হওয়ার সংবাদও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বন্যাদুর্গত সীমান্তবর্তী এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম ভূপ্রকৃতি, যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকার্যক্রমে নানা সমস্যা তৈরি হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা রেড ক্রস নেপালে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১.২ মিলিয়ন ডলার জরুরি তহবিলের অনুমোদন দিয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম