পোনামাছ অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
ছবি: জাতীয় অর্থনীতি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি স্থানীয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি স্থানীয় মৎস্য চাষীদের অংশগ্রহণে নদে মাছের পোনা অবমুক্ত করেন।

কর্মসূচিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ পদস্থ সামরিক-বেসামরিক ও দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি