অনলাইন ডেস্ক: দেশের প্রত্যন্ত কয়েকটি গ্রামকে ঘিরে নতুন পর্যটন স্পট গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় পর্যটনের বিকাশে এসব গ্রামকে পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে এ পরিকল্পনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মন্ত্রী বলেন, রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগরসহ কয়েকটি গ্রামকে নিয়ে পর্যটন স্পট তৈরির কথা ভাবছে সরকার। এসব এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রাকে পর্যটনের সঙ্গে যুক্ত করে নতুন গন্তব্য তৈরি করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা ‘এসডিজি ভিলেজ’গুলোকে কাজে লাগিয়ে টেকসই পর্যটনের নতুন মডেল তৈরি করা সম্ভব। একইভাবে দেশের ৬৪ জেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও জরুরি। এজন্য সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়াতে প্রতি মাসে বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।
সেমিনারে গেস্ট অব অনারের বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার বলেন, পর্যটন খাতের উন্নয়নে তথ্যের ঘাটতি দূর করতে Tourism Satellite Account (TSA)-এর কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইকো-ট্যুরিজম নীতিমালা প্রণয়নের কাজও চলছে।
তিনি বলেন, অতীতে সমন্বয়হীনতার কারণে পর্যটন খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সরকারি-বেসরকারি অংশীজনদের সহযোগিতায় এ সমন্বয়হীনতা দূর করে পর্যটন খাতকে এগিয়ে নেওয়া সম্ভব।
সেমিনারে বাংলাদেশে ইকো-ট্যুরিজমের বর্তমান অবস্থা, সম্ভাবনা, চ্যালেঞ্জ, উন্নয়ন কর্মপরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ, এনডিসি।
—জা.অর্থনীতি/জেআরটি
