ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, ফ্যানপেজ বন্ধ

বিনোদন ডেস্ক: ভারেতর নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কারের প্রশ্নে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে সরগরম নেটদুনিয়া। নীতিগত কারণে ক্যাটরিনার নীরবতার প্রতিবাদ জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অভিনেত্রীর একটি জনপ্রিয় ফ্যান পেজ, যার অনুসারী সংখ্যা ছিল ৭০ হাজারের বেশি। 

জানা গেছে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) পরিচালিত এই ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্ষোভ প্রকাশ করে ফ্যান পেজটির অ্যাডমিন এই কঠিন সিদ্ধান্ত নেন। 

জুলাই মাসের গোড়া থেকেই নিট কেলেঙ্কারিসহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। যাদের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর-মন্তরে টানা ২৫ দিন ধরে চলা সেই বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় গত সোমবার (২০ জুলাই) ‘সংসদ চলো’ অভিযান কেন্দ্র করে। 

এদিন বিক্ষোভকারী ‘তেলাপোকা’দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে পুলিশ। এমতাবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরব হয়েছেন দেশের বিনোদন জগতের তারকাদের একাংশ। অভিনেত্রী শাবানা আজমি থেকে শুরু করে জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিং থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সম্মতি জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। 

কিন্তু সংশ্লিষ্ট আন্দোলন নিয়ে দেশের অন্দরে ঝড় বয়ে গেলেও ‘টুঁ’ শব্দটি করেননি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই পরিপ্রেক্ষিতেই অভিনেত্রীর ভক্তমহলের একাংশ ক্ষুব্ধ! তাদের মতে, ‘প্রিয় তারকার থেকে আমাদের কাছে দেশভক্তি আগে।’ যার রোষ গিয়ে পড়েছে ক্যাটরিনা কাইফের ফ্যানপেজেও। শিক্ষার্থীদের হয়ে মুখ না খোলায় ভক্তরা নিজেরাই ক্যাটরিনার ওই ফ্যানপেজ বন্ধ করে দিয়েছেন। 

দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লির রাজপথে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা বিনিদ্র রজনী কাটাচ্ছেন, ঠিক তখনই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে সেলিব্রেটিরা ‘তামাশা’ দেখছেন?— এমন প্রশ্নের মুখে ক্যাটরিনা কাইফসহ সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের একাংশ। ককরোচ জনতা পার্টির সমর্থনে মুখ না খোলায় বিগত কয়েক দিনে একাধিক তারকাকে কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়েছে। এবার নিজের অনুরাগীমহলের রোষানলে ক্যাটরিনা কাইফ। 

—জা. অর্থনীতি/এনএ