তরুণরাই দেশের ভবিষ্যৎ ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, নতুন প্রজন্মের মৌলিক চাহিদা পূরণ এবং ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এই বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে তরুণদের আশা-আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি আরও শক্তিশালী হবে। এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য- ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’- সময়োপযোগী বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি জানান, সরকার তরুণদের সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার পাশাপাশি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও সহিংসতার মতো সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, টেকসই উন্নয়নের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সর্বজনীন করতে হবে। এ ক্ষেত্রে সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

জা.অর্থনীতি/এসআই