এক ছটাক জমিও নদীগর্ভে বিলীন হতে দেব না: ফরহাদ হোসেন আজাদ
ছবি: জাতীয় অর্থনীতি

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “এক ছটাক জমিও নদীগর্ভে বিলীন হতে দেব না। এ জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, সবই করা হবে।” এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারি সহায়তা বিতরণে কোনো ধরনের আত্মীয়প্রীতি বা পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের হাতেই সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ এলাকার টোপকাচারি ঘাটে করতোয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি। তাই সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা উচিত নয়। আগুন লাগার সময় আগুন তো দেখে না কে বিএনপি, কে জামায়াত কিংবা কে অন্য কোনো দলের।”

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “বোদা ও দেবীগঞ্জ উপজেলার কোনো মসজিদ, মন্দির কিংবা গির্জা আমার অনুদানের বাইরে থাকবে না। বর্তমান সরকারের আমলে আগামী পাঁচ বছরের মধ্যে এ অঞ্চলের কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকাকরণ করা হবে।”

তিনি আরও বলেন, “আমি তালি দেওয়ার কিংবা তালি পাওয়ার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি জনগণের জন্য। আপনাদের প্রয়োজনে, আপনাদের দুর্দিনে পাশে থাকার রাজনীতি করি।”

একই দিন সকাল ১১টায় তিনি মল্লিকাদহ চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে অর্থ প্রদান করেন।

—জা. অর্থনীতি/এলএটি