আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা তেহরানে তিন ধাপে সম্পন্ন হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে। রোববার (৫ জুলাই) গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত এই জানাজায় বিপুলসংখ্যক শোকাহত মানুষ অংশ নেন।
জানাজার ইমামতি করেন বিশিষ্ট ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলি খামেনির জন্য জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তী ধাপে তার পরিবারের কয়েকজন সদস্য এবং ঘনিষ্ঠ স্বজনদের জন্য জানাজা আদায় করা হয়। তৃতীয় ধাপে তার নাতনিসহ আরও একজন পরিবারের সদস্যের জন্য পৃথক জানাজা অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার (৪ জুলাই) ভোর থেকে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়। এতে লাখো মানুষ অংশ নিয়ে শোক প্রকাশ করেন এবং নানা ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শেষকৃত্য অনুষ্ঠানে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন, যা তিনি ইরানের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, এক সপ্তাহব্যাপী এই শোক ও শেষকৃত্য আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন শহরে আনুষ্ঠানিকতা চলছে। ৩ জুলাই শুরু হওয়া এই কর্মসূচি ৯ জুলাই পর্যন্ত চলার কথা রয়েছে, যেখানে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
জা.অর্থনীতি/এসআই
