মাদারীপুর প্রতিনিধি: দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে হাজারো দর্শকের পদচারণা, করতালি আর উচ্ছ্বাসে যেন আবারও প্রাণ ফিরে পেল মাদারীপুর জেলা স্টেডিয়াম। দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে পুরো স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের মেগা ফাইনালে মুখোমুখি হয় কুলপদ্দী মডেল ক্লাব ও চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কুলপদ্দী মডেল ক্লাব।
খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন কুলপদ্দী মডেল ক্লাবের খেলোয়াড় ও সমর্থকরা। দীর্ঘদিন পর জেলা স্টেডিয়ামে এমন প্রাণবন্ত পরিবেশ ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেন জেলার ক্রীড়াপ্রেমীরা।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, "ক্রীড়াচর্চা তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।"
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালী প্রমুখ।
