মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্যাতনচেষ্টার অভিযোগে চান মিয়া (৬৫) নামে এক দোকান কর্মচারীকে আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চান মিয়া— স্থানীয় রশিদ মিয়ার দোকানের কর্মচারী এবং মুন্সিবাজার ইউনিয়নের মইদাইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মইদাইল গ্রামের একটি দোকানঘরে ওই শিশুকে নির্যাতনচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হলে অভিযুক্ত চান মিয়া পালিয়ে আত্মগোপন করেন। পরে রাত ১০টার দিকে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ওসি মো. কমর উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমাদের টিম অভিযানে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করা হয়। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শিশুর বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
