১০ টাকা চাঁদা জন্য হত্যা, দেড় মাস পর প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালক মুমিনুল মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) ভোরে এই ঘটনার প্রায় দেড় মাস আত্মগোপনে থাকার পর উপজেলার মেঘনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাহিন মিয়া (৪৫) সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ  জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা থেকে প্রতিদিন চাঁদা আদায় করতেন শাহিন মিয়া। গত ১৭ মে বিকেলে চালক মুমিনুল মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহিন ও তার সহযোগীরা তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মুমিনুলকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরেই তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি