২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করবে সরকার
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৮ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে। 

বুধবার (১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি ও সার্বিক তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।

শিক্ষামন্ত্রী জানান, স্বল্প সময়ের কারণে আগামী ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা সম্ভব হয়নি। তাই ২০২৮ সাল থেকে এটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই শিক্ষাক্রম প্রণয়নে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

নতুন শিক্ষাক্রমের মূল লক্ষ্য সম্পর্কে উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিক্ষাক্রমকে এমনভাবে পরিবর্তন করছি, যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। আমরা সহশিক্ষা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অন্তর্ভুক্ত করতে চাইছি।" একই সঙ্গে তিনি কারিগরি ও পেশাগত শিক্ষাকে শিক্ষাব্যবস্থায় বাধ্যতামূলক করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক তথ্য তুলে ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

—জা. অর্থনীতি/এলএটি