মাদারীপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরের দুটি বিদ্যালয়ে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মাদারীপুর শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এই সততা স্টোরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্টোরগুলোর উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক (লিগ্যাল) জেলা ও দায়রা জজ মো. শাহাদাৎ হোসেন প্রামানিক।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন— দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের উপপরিচালক মাহবুবুল আলম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. জামান মিয়া, সাধারণ সম্পাদক আজমল হুদা ঢালী, দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন এবং উপসহকারী পরিচালক শ্যামল চন্দ সেনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়দ্বয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সততা সংঘ গঠন ও নৈতিক শিক্ষা চর্চার অংশ হিসেবে এই নতুন দুটি স্টোর উদ্বোধনের পাশাপাশি ওই এলাকার আরও দুটি পুরাতন বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
—জা. অর্থনীতি/এলএটি
