ইসলামী ব্যাংকে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ছবি: জাতীয় অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া। 

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ব্যাংকের ব্যবস্থাপনা ও ইসলামী ব্যাংকিং খাত সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন।

মানববন্ধন থেকে এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে থাকা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার জোরালো দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখতে পুরোনো ব্যাংকিং গভর্নিং বডি পুনর্বহাল করা প্রয়োজন।

তারা অভিযোগ করেন, যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাপনার ওপর দক্ষ ও অভিজ্ঞ, তাদের জোরপূর্বক পদচ্যুত করার চেষ্টা ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলামী ব্যাংকের ওপর সব ধরনের ‘অবৈধ হস্তক্ষেপ’ অবিলম্বে বন্ধ করতে হবে। ব্যাংকের কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে, যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর্থিক খাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও তারা উল্লেখ করেন।

ইসলামী ব্যাংকের গ্রাহক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক শহীদুল্লাহ, অ্যাডভোকেট মনিরুজ্জামান, প্রবীণ গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম খোকন, সাবেক ব্যাংকার আবু জাহের, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, সাবেক ব্যাংকার বেলাল হোসেন, সালমা বেগম এবং প্রবাসী দেলোয়ার হোসেন প্রমুখ।

কর্মসূচিতে উপস্থিত সাধারণ গ্রাহকেরা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা ও ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান।

—জা. অর্থনীতি/এলএটি/এনজে