বাংলা সিনেমাকে প্রাধান্য দিয়ে আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম

বিনোদন ডেস্ক: বাংলাদেশের অনলাইন স্ট্রিমিং দর্শকদের জন্য সুখবর। বাংলা সিনেমা ও ওয়েব কনটেন্ট নিয়ে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ চালুর ঘোষণা এসেছে। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগান নিয়ে আগামী ২১ মে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি। 

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, নতুন ও পুরনো মিলিয়ে প্রায় শতাধিক সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে যাত্রা শুরু করবে ‘উৎসব’, যেখানে মূল ফোকাস থাকবে বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্ম। 

শুরু থেকেই বাংলা কনটেন্টকে কেন্দ্র করে আলাদা অবস্থান তৈরি করতে চায় উৎসব। সংশ্লিষ্টদের দাবি, দেশের প্রেক্ষাগৃহে নতুন কোনো বাংলা সিনেমা মুক্তির পর দ্রুততম সময়ে সেটি এই প্ল্যাটফর্মে দেখার সুযোগ থাকবে। নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও নানা ধরনের কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে প্ল্যাটফর্মটি। 

এ প্রসঙ্গে প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা ভাষার দর্শকরা সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।’ 

তিনি আরও বলেন, ‘দেশে সিনেমা হলের সংখ্যা কমে এসেছে। প্রতিটি জেলায় হল না থাকায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। আবার বাংলা সিনেমা বিশ্বের নানা দেশে মুক্তি পেলেও অনেক প্রবাসী দর্শক সহজে সেগুলো দেখতে পারেন না। তাদের জন্যই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ‘উৎসব’।’ 

জাহিদ হাসান অভির মতে, সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কনটেন্টের দর্শকসংখ্যা বেড়েছে। তবে, এই দর্শকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের ঘাটতি ছিলো। সেই শূন্যস্থান পূরণ করতেই আসছে ‘উৎসব’। 

নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শকরা নতুন সিনেমা, সিরিজ এবং এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন। 

প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে সরাসরি সেবা চালু হবে। পরবর্তীতে গুগল প্লে স্টোরে অ্যাপ উন্মুক্ত করা হবে। এ ছাড়া, ধাপে ধাপে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে। 

উল্লেখ্য, এক যুগের বেশি সময় ধরে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক হিসেবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন অভি। তিনি প্রযোজনা সংস্থা 'টাইগার মিডিয়া লিমিটেড' এবং 'দ্য অভি কথাচিত্রের' কর্ণধার। 

—জা. অর্থনীতি/এনএ