আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। মূলত ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র অপসারণের কাজ চালানোর সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আইআরজিসির আরও দুই সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির একটি বিশেষায়িত ইউনিট সংশ্লিষ্ট এলাকায় পরিত্যক্ত এবং অবিস্ফোরিত বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র শনাক্ত ও তা নিষ্ক্রিয় করার দায়িত্ব পালন করছিল। উদ্ধার অভিযান চলাকালে দুর্ঘটনাবশত একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক ফেটে যায় এবং ঘটনাস্থলেই ১৪ জন জওয়ান প্রাণ হারান। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে উদ্ধারকারী দলের একটি বড় অংশ তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরানের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জানজান প্রদেশের ওই অঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত মাইন ও গোলাবারুদ রয়ে গিয়েছিল, যার ফলে প্রায় ১ হাজার ২০০ হেক্টর আবাদি জমি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কৃষি কাজের উপযোগী পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আইআরজিসি এই বিশেষ অভিযান শুরু করেছিল। কিন্তু জনস্বার্থে পরিচালিত এই অভিযান শেষ পর্যন্ত এক বড় ধরনের মানবিক বিপর্যয়ে রূপ নিল।
বিস্ফোরণের পর পরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং গুরুতর আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনিক সূত্রগুলো শঙ্কা প্রকাশ করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আইআরজিসি এবং সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল। যুদ্ধের ক্ষত মুছে ফেলে কৃষি জমি পুনরায় সচল করার লক্ষ্যে পরিচালিত এই উদ্ধার অভিযানে আইআরজিসির সদস্যদের এমন প্রাণহানি জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ এখন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে যাতে ভবিষ্যতে এ ধরনের বিপজ্জনক উদ্ধার কাজের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যায়।
জেএ/অভি
