আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষার ফল ভালো হলেই মিলবে স্বপ্নের গাড়ি-ছেলেকে এমন প্রতিশ্রুতিই দিয়েছিলেন বাবা। আর সেই কথা রাখতে নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফলের পর ছেলের হাতে তুলে দিলেন প্রায় আড়াই কোটি রুপি দামের বিলাসবহুল বিএমডব্লিউ। বাবার এমন রাজকীয় উপহার ঘিরে এখন ব্যাপক চর্চা চলছে পশ্চিমবঙ্গের একটি এলাকায়।
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসির। সেখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শামসুদ্দিন মিদ্যা তার ছেলে মোহাম্মদ তলহাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করলে পছন্দের দামি গাড়ি কিনে দেবেন। পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর সেই প্রতিশ্রুতি পূরণ করেন তিনি।
ছেলের পছন্দের গাড়ি কিনতে শামসুদ্দিন পাড়ি জমান মুম্বাইয়ে। সেখান থেকে কিনে আনেন বিএমডব্লিউ এম৪ কমপিটিশন মডেল। ভারতীয় বাজারে গাড়িটির আনুমানিক দাম ২ কোটি ৩০ লাখ রুপি।
শুক্রবার বিশেষ পণ্যবাহী কনটেইনারে গাড়িটি গলসির গ্রামে পৌঁছায়। নজরকাড়া রঙের ঝকঝকে গাড়িটি দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকে গাড়ির ছবি ও ভিডিও ধারণ করেন, কেউ কেউ তোলেন সেলফিও।
গাড়িটির নিবন্ধন নম্বর নিয়েও রয়েছে শামসুদ্দিনের বিশেষ পছন্দ। তার একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’। বলিউড তারকা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও রয়েছে এই সংখ্যার মিল।
শামসুদ্দিনের সংগ্রহে আগে থেকেই রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারের মতো বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। এবার সেই সংগ্রহে যুক্ত হলো বিএমডব্লিউ এম৪ কমপিটিশন। ছেলের পরীক্ষার ফলের পুরস্কার হিসেবে এমন দামি গাড়ি উপহার দেওয়ার ঘটনা এলাকায় তৈরি করেছে ব্যাপক কৌতূহল।
জা.অর্থনীতি/এসআই