Print Date & Time : 08 November 2026 Sunday 08:44 pm

মুন্সীগঞ্জে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

image

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ইছামতি নদীর ওপর বহুল কাঙ্ক্ষিত কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় মুন্সীগঞ্জ (ছনবাড়ি)-কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কের কুন্ডেরবাজার এলাকায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো। এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ (হাসাড়া)-কুন্ডেরবাজার-শ্রীনগর (ছনবাড়ি) জেলা মহাসড়কের (জেড-৮০০৪) ষষ্ঠ কিলোমিটারে ইছামতি নদীর ওপর অবস্থিত পুরোনো, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পরিবর্তে একটি আধুনিক ও টেকসই কুন্ডেরবাজার সেতু নির্মাণ করা হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু এবং আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প (ঢাকা জোন)’-এর আওতায় এই সেতুটি নির্মাণ করা হবে।

সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) বাস্তবায়নাধীন এই সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। প্রস্তাবিত এই প্যাকেজের মেয়াদকাল জুন ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত নির্ধারিত রয়েছে। আধুনিক স্টিল কম্পোজিট কাঠামোর সেতুটির মোট দৈর্ঘ্য ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার। দুই লেনবিশিষ্ট এই সেতুর পাশাপাশি ৬০০ মিটার সংযোগ সড়ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

নতুন এই সেতুটি নির্মিত হলে মুন্সীগঞ্জ, টঙ্গিবাড়ী ও সিরাজদীখান উপজেলাসহ আশপাশের লাখ লাখ মানুষের যাতায়াত আরও নিরাপদ, সহজ ও নির্বিঘ্ন হবে। বিশেষ করে পুরোনো সেতুটির সীমিত ভারবহন ক্ষমতা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচলে যে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা ও দুর্ভোগ ছিল, তা চিরতরে দূর হবে। একই সঙ্গে পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও কার্যকর হয়ে উঠবে।

মুন্সীগঞ্জসহ আশপাশের এলাকায় উৎপাদিত আলু, ধান, গম, সরিষা ও মৌসুমি শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য দেশের অন্যান্য অঞ্চলে দ্রুত পরিবহনের ক্ষেত্রে এই সড়কের বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। নতুন সেতু নির্মাণের ফলে কৃষিপণ্য ও বাণিজ্যিক পণ্য পরিবহন সহজতর হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি আরও প্রসারিত হবে।

প্রকল্পটির আওতায় পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপনের পাশাপাশি সংযোগ সড়ক উন্নয়ন এবং নদীতীর সংরক্ষণমূলক কাজও বাস্তবায়ন করা হবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার সড়ক যোগাযোগের নিরাপত্তা, সক্ষমতা ও স্থায়িত্ব বহুগুণ বৃদ্ধি পাবে। সার্বিকভাবে জনদুর্ভোগ লাঘব, আঞ্চলিক যোগাযোগব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন, স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কুন্ডেরবাজার সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

—জা. অর্থনীতি/এলএটি