Print Date & Time : 08 November 2026 Sunday 10:17 am

লরেন্স বিশ্নোইয়ের পরবর্তী টার্গেট কেন তুষার কাপুর?

image

বিনোদন ডেস্ক: বলিউড তারকাদের লক্ষ্য করে একের পর এক হুমকি ও হামলার ঘটনার মধ্যে এবার নতুন করে আতঙ্ক ছড়াল অভিনেতা তুষার কপূরকে ঘিরে। ফোন করে তার কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়েছে। হুমকিদাতা নিজেকে কুখ্যাত লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিলেও, এর সঙ্গে সত্যিই ওই গ্যাংয়ের কোনো যোগ রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

জানা গেছে, কয়েক দিন আগে হ্যারি বক্সার নামে এক ব্যক্তি তুষারকে ফোন করে হুমকি দেন। তিনি নিজেকে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে দাবি করেন। তবে হুমকির ঘটনায় বিশ্নোই গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের।

তুষার বিষয়টি পুলিশকে জানানোর পর তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ও তোলাবাজি দমন শাখা যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। হুমকি-ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে হ্যারি বক্সারের কণ্ঠস্বরের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হলেও কোনো মিল পাওয়া যায়নি। ফলে অন্য কেউ তার পরিচয় ব্যবহার করে ফোন করে থাকতে পারে বলে ধারণা তদন্তকারীদের।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক অভিযোগ বা এফআইআর দায়ের করেননি তুষার। তবে হুমকিদাতাকে শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ছাড়া সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও পরিচালক রোহিত শেট্টিও বিভিন্ন সময়ে হুমকির মুখে পড়েছেন। ফলে তুষারকে দেওয়া হুমকির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

জা.অর্থনীতি/এসআই