Print Date & Time : 07 November 2026 Saturday 06:24 pm

প্যারাগুয়ের প্রেসিডেন্ট গৃহবন্দি

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে অভিশংসন ও গৃহবন্দি করা হয়েছে। দেশটির অন্যতম শীর্ষ ইউনো ব্যাংকে ধস নামার জেরে তাকে অভিশংসন করে বন্দি করা হয়। এই ধসের কারণে দেশটির অর্ধেকের বেশি মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্টের এক্সেস হারিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে তার নিজ দলের সিনেটরসহ সবাই তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন। এর কয়েক মিনিট পর তাকে গ্রেপ্তার করে গৃহবন্দি করা হয়।

ইউনো ব্যাংকের সঙ্গে গ্রেপ্তার প্রেসিডেন্টের সান্তিয়াগো পেনাকের ব্যবসায়িক সংশ্লিষ্টতা আছে।

সান্তিয়াগো পেনাক গত বৃহস্পতিবার পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে দেশটির সিনেটররা তাকে পদত্যাগ করতে না দিয়ে অভিশংসন করেন। এরমাধ্যমে তিনি সাবেক প্রেসিডেন্ট হিসেবে যে দায়মুক্তি পেতেন সেটি কেড়ে নেওয়া হয়েছে।

ব্যাংকটির মালিক যে প্রতিষ্ঠান সেটিতে সান্তিয়াগোর শেয়ার ছিল। তবে গত বছর তিনি এসব শেয়ার বিক্রি করে দেন। তিনি ব্যাংকে কোনো ধরনের অসংগতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

প্যারাগুয়ের প্রধান প্রসিকিউটর সিলভিয়া মার্গারিতা গঞ্জালেজ বলেছেন, আজ শনিবার সাবেক প্রেসিডেন্টকে বিশ্বাসভঙ্গ, প্রভাব খাটানো এবং তহবিলের অপব্যবহারের দায়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্টকে অভিশংসন করার পরপরই দায়িত্ব নেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ব্যাংকের যেসব লাখ লাখ গ্রাহক সদ্যই অভিশংসিত প্রেসিডেন্টের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার দেবেন। এছাড়া ক্ষতিগ্রস্ত সবাইকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ইউনো ব্যাংকে ধস নামার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক এটির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে মানুষ ডিজিটাল ব্যাংকটি থেকে নিজেদের অর্থ আর নিতে পারছেন না।

সাধারণ মানুষকে ইউনো ব্যাংকের শাখাগুলোতে লম্বা লাইন দিতে দেখা গেছে। জানা গেছে প্রায় ৩০ লাখ মানুষ তাদের অর্থ, পেনশন কোনো কিছুই উত্তোলন করতে পারছেন না।

এর জেরে গত বুধবার ও বৃহস্পতিবার সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন এবং তাদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান।

সূত্র: বিবিসি

—জা.অর্থনীতি/আরএস