Print Date & Time : 08 November 2026 Sunday 03:20 am

কর্মীদের পরিশ্রমে মুগ্ধ বস, কৃতজ্ঞতা জানাতে আইফোন উপহার!

image

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মীদের প্রতি ব্যতিক্রমী ভালোবাসা ও কৃতজ্ঞতার নজির গড়েছেন এক নারী ব্যবসায়ী। প্রতিষ্ঠানের মহিলা কর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাদের হাতে তুলে দিয়েছেন অ্যাপলের নতুন ভাঁজ করা আইফোন ডুয়ো। তার এই উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন ওই ব্যবস্থাপনা পরিচালক।

ওই নারী ব্যবসায়ীর নাম হাসিনা নিশাদ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কর্মীদের আইফোন উপহার দেওয়ার বিষয়টি জানান তিনি। ভিডিওতে দেখা যায়, হাসিনার কাছ থেকে উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কয়েকজন নারী কর্মী।

পোস্টের ক্যাপশনে হাসিনা জানিয়েছেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার কাজের অন্যতম আনন্দের জায়গা হলো নারী সহকর্মীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ইতিবাচক মনোভাব তাঁকে অনুপ্রাণিত করে। প্রতিদিন কর্মীরা প্রতিষ্ঠানের জন্য যে ছোট ছোট অবদান রাখেন, সেগুলোও তার নজরে আসে। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই উপহারের আয়োজন করেছেন তিনি।

হাসিনার মতে, প্রত্যেক নারীর নিজস্ব স্বপ্ন, দায়িত্ব ও চ্যালেঞ্জ রয়েছে। তিনি চান, তার সহকর্মীরা আরও আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছান। তার বিশ্বাস, নেতৃত্বের অর্থ শুধু প্রতিষ্ঠানকে সফল করা নয়, অন্যদেরও সফল হওয়ার পথ তৈরি করে দেওয়া।

কেরালায় জন্ম নেওয়া হাসিনা ২০০৮ সালে বিয়ের পর সংযুক্ত আরব আমিরশাহিতে যান। পরে স্বামীর প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। প্রতিষ্ঠানটি জনশক্তি সরবরাহ, ঠিকাদারি, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ও আবাসন খাতে কাজ করে। সেখানে হাজার হাজার কর্মী রয়েছেন।

জা.অর্থনীতি/এসআই