Print Date & Time : 08 November 2026 Sunday 12:58 pm

চুরি-ডাকাতিতে অতিষ্ঠ গ্রামবাসী, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

image

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে দীর্ঘদিন ধরে চলা চুরি, ডাকাতি ও মাদক কারবারে অতিষ্ঠ হয়ে একত্রিত হয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় অভিযুক্তদের কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়ে ঘরের আসবাবপত্র ও মালামাল বাইরে এনে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইম গ্রামের উজ্জ্বল মিয়া (২৮), জুয়েল মিয়া (৩০), সামছু মিয়া (২৬) ও সাজু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় চুরি-ডাকাতি ও মাদকের সঙ্গে জড়িত। আশপাশের বিভিন্ন গ্রামে তাদের অপরাধমূলক কার্যক্রমের দৌরাত্ম্য ছিল।

শুধু তাই নয়, চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে নারীরা যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। তবে সামাজিক লোকলজ্জা ও নিরাপত্তার আশঙ্কায় ভুক্তভোগীরা এতদিন প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা হাফিজ মিয়া বলেন, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাই গ্রামবাসী সবাই মিলে ঘর ভাঙচুর করে ঘরের আসবাবপত্র মাঠে নিয়ে আগুন দিয়ে দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী জানান, শুনেছি, গ্রামবাসী মিলে নাকি চোরের বাড়ির আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। আসলে এরা চিহ্নিত চোর। এদের একেকজনের নামে ৭-৮টি করে মামলা রয়েছে। এদের জ্বালায় গ্রামবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছেন।

এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—জা.অর্থনীতি/এনজে