Print Date & Time : 08 November 2026 Sunday 07:28 am

মাঠে মর্মান্তিক ফাউল, হাসপাতালে মৃত্যু ফুটবলার জেসুসের

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা ও তেনেরিফের মধ্যকার ম্যাচে গোলকিপার জেসুস ওউনোর ভয়াবহ ফাউলের শিকার হয়ে না ফেরার দেশে চলে গেলেন টেনেরিফ স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল। মঙ্গলবার (৩ নভেম্বর)মাত্র ৩০ বছর বয়সে এই মর্মান্তিক মৃত্যুতে গোটা স্প্যানিশ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া।

ম্যাচের যোগ করা সময়ের ৭ মিনিটে ২-২ গোলে সমতা থাকা অবস্থায় লম্বা পাস ধরে এগিয়ে যাওয়ার সময় অ্যান্ডোরা গোলকিপার জেসুস ওউনোর হাঁটুর মারাত্মক আঘাত লাগে মিগুয়েলের মাথা ও বুকে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। অ্যাম্বুলেন্সে নেওয়ার পথে কার্ডিয়াক অ্যারেস্ট হলেও চিকিৎসকদের চেষ্টায় প্রথমে স্পন্দন ফিরেছিল। তবে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

image

তেনেরিফ ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই শোকসংবাদ নিশ্চিত করেছে। এই অনভিপ্রেত ও হৃদয়বিদারক ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও ক্লাবটির ভক্ত-সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পুরো ফুটবলবিশ্ব।

জা. অর্থনীতি/ এআর