কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের তল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কদমের তল বাজারে নিহতের একটি মুদি দোকান রয়েছে, যা তিনি ও তার ছেলে যৌথভাবে পরিচালনা করতেন। মঙ্গলবার দুপুরে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বাবর আলী। এ সময় বাগুয়া অনন্তপুর থেকে উলিপুরগামী দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই চালক কৌশলে পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ঘাতক অটোরিকশাটি আটক করেন।
নিহতের ভাতিজা মোখলেছুর রহমান কাহার জানান, অটোরিকশাটি তাদের নিজ এলাকারই। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। নিহত বাবর আলীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অটোরিকশাটি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি জানান, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি