Print Date & Time : 05 November 2026 Thursday 12:23 am

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

image

জামালপুর প্রতিনিধি: পালিত ছাগলের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন গোলাম রাব্বানী শেখ (৫৫) নামে এক কৃষক। মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বানী শেখ ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।

নিহতের ভাই আব্দুস সালাম জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে পোষা ছাগলের খাদ্যের জন্য কাঁঠালগাছে ওঠেন গোলাম রাব্বানী। এ সময় গাছে থাকা অবস্থায় অসাবধানতাবশত কাছেই থাকা পল্লী বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি মারাত্মক আহত হয়ে গাছ থেকে মাটিতে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা গিয়ে গাছতলা থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এএসআই জানান, নলছিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় অপমৃত্যু (ইউডি) মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি