Print Date & Time : 08 November 2026 Sunday 01:28 am

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ: পুলিশ বক্সে অগ্নিসংযোগ

image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্যাম্প ও একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল।

তিনি বলেন, সকালে বেতন বৃদ্ধির দাবিতে মহানগরের কোনাবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ ট্রাফিক বক্সে আগুন দেয় শ্রমিকরা।

তিনি বলেন, প্রথমে পুলিশ বক্সের গ্লাস ভেঙে দেওয়া হয়, পরে সেখানে আগুন দেয়। বক্সটি মূলত দায়িত্বরত পুলিশ সদস্যরা বিশ্রামের কাজে ব্যবহার করতেন। বক্সে মূল্যবান কোনো কিছুই ছিল না। সেখানকার ফার্ণিচার আগুনে পুড়ে গেছে।

পুলিশ জানায়, শনিবার থেকেই শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুত এলাকা।

দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটছে। তবে এসব সংঘর্ষে হতাহতের কোনো খবর কেউ নিশ্চিত করেননি।

—জা. অর্থনীতি/এএইচএ