Print Date & Time : 07 November 2026 Saturday 05:16 am

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ল নামিবিয়া। সিরিজের শেষ ও অঘোষিত ফাইনালে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।

উইন্ডহোকে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের বোলিং তোপে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আইরিশরা। দলের পক্ষে জেজে স্মিট মাত্র ২০ রান খরচ করে ৪টি এবং জ্যাক ব্রাসেল ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপ তৈরি হলেও লরেন স্টিনক্যাম্পের ৪৬ এবং অধিনায়ক গেরহার্ড এরাসমাসের ৩০ রানের সুবাদে ২১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া। ব্যাটার জেন গ্রিনের ছক্কায় দলের ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হয়।

পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-২ সমতা ছিল। রোমাঞ্চকর এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নামিবিয়া নিজেদের সাফল্যের খাতায় এক নতুন সোনালী অধ্যায় যোগ করল।

জা. অর্থনীতি/এআর