মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে চোরাচালানের উদ্দেশ্যে পাচারকালে ৩০২ বস্তা ইউরিয়া সারবোঝাই দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার ৪০ নম্বর গেট সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে যাওয়া দুটি ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ৩০২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত ট্রাক দুটি জব্দ করা হয়।
এ ঘটনার সঙ্গে প্রকৃত চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত ও অপরাধের রহস্য উদঘাটনের জন্য ট্রাকে থাকা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আটজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানায় নিয়মিত আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি