Print Date & Time : 08 November 2026 Sunday 12:40 pm

মার্কিন কূটনৈতিক কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে জরুরি নয়; এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানা গেছে, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঝুঁকির কারণে সৌদি আরবে মার্কিন সরকারি কর্মীদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

মার্কিন মিশনের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, গত ২৩ অক্টোবর থেকেই কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ কার্যকর হয়েছে। দেশটিতে মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার ফলে যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবের যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াতের আগে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে।

—জা. অর্থনীতি/এএইচএ