Print Date & Time : 08 November 2026 Sunday 01:31 pm

দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

image

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং নগরের বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথকভাবে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, রিমান্ড শুনানি থাকায় মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়।

নগরের বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচদিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুইদিনসহ মোট সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।

২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন।

এ ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।  অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য  রিমান্ড আবেদন করা হয়েছিল। 

গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

—জা. অর্থনীতি/এএইচএ