Print Date & Time : 28 October 2026 Wednesday 06:12 am

ধলপুরের দুখু মিয়াকে গুলি করে হত্যা

image

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা মারুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ দয়াগঞ্জের একটি অ্যালুমিনিয়ামের পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরেন তিনি। কিছুক্ষণ পর স্ত্রী মিমকে বাইরে থেকে আসার কথা বলে বেরিয়ে যান। পরে লোকমুখে ওয়াসা গেট এলাকায় গোলাগুলির খবর পেয়ে তারা জানতে পারেন, মারুফ গুলিবিদ্ধ হয়েছেন। তার বুকের ডান পাশে গুলি লেগেছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, এলাকায় মারুফের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তিনি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত যুবকের বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

—জা.অর্থনীতি/আইবিএম