হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে দিনব্যাপী চাকরি মেলা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। দেশের শতাধিক শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান অংশ নেওয়ায় চাকরিপ্রত্যাশীরা সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সাধারণত ঢাকা ও বড় শহরগুলোতে চাকরি মেলা হলেও এবার ভারত সীমান্তবর্তী বিরামপুরে এ আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধিই এর লক্ষ্য।
আয়োজকেরা জানান, মেলায় যমুনা গ্রুপসহ ১০০টিরও বেশি নামী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী। মেলায় এসে প্রার্থীরা সরাসরি সিভি জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন।
সকাল থেকেই কলেজ মাঠে চাকরিপ্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে। তরুণ-তরুণীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরির খোঁজ করছেন। মেলার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানে এ উদ্যোগ কতটা ভূমিকা রাখে, এখন সেটিই দেখার অপেক্ষা।
—জা.অর্থনীতি/এনজে