আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবিকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। শ্মশানের কাছে ছবিটির পাশে তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহৃত হতে পারে, এমন কিছু সামগ্রী পাওয়ার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তের আওতায় আসে।
ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের মৌ জেলার সরযূ নদীর তীরে মুক্তিধাম এলাকার একটি শ্মশানের কাছে মোদির ছবিটি পাওয়া যায়। ছবিটির পাশে ছিল সূচ ফোটানো লেবু এবং লাল সুতো বাঁধা নারকেলের মতো কিছু সামগ্রী। পুলিশের ধারণা, এসব উপকরণ তন্ত্রমন্ত্রের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তবে ছবিটি সেখানে কে রেখেছেন কিংবা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ভারতের ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারায় মামলা করা হয়েছে। এ ধারায় বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, শত্রুতা কিংবা অসদ্ভাব সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বক্তব্য, গুজব বা উদ্বেগজনক প্রতিবেদন তৈরি, প্রকাশ কিংবা প্রচারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ঘোসি এলাকার সার্কেল কর্মকর্তা সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে।
জা.অর্থনীতি/এসআই