Print Date & Time : 28 October 2026 Wednesday 05:21 am

মানুষের ভবিষ্যৎ নিয়ে ইলন মাস্কের ভয়ংকর ইঙ্গিত (ভিডিও)

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্কের নামে ১০ বছরের একটি চমকপ্রদ ভবিষ্যদ্বাণীর তালিকা ঘুরে বেড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে, আগামী এক দশকের মধ্যে মানুষের কাজের বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের হাতে চলে যাবে, কাজ হয়ে উঠবে মানুষের জন্য ঐচ্ছিক, এমনকি অর্থের গুরুত্বও হারিয়ে যাবে। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু? মাস্ক কি সত্যিই বছরভিত্তিক এমন কোনো সুনির্দিষ্ট টাইমলাইন দিয়েছেন?

প্রকৃতপক্ষে, ছড়িয়ে পড়া এই বছরভিত্তিক তালিকার অনেকটাই মাস্কের বিভিন্ন সময়ের বক্তব্যকে একত্র করে বানানো। তবে তার আসল বক্তব্য বিশ্লেষণ করলে আগামী ১০ বছরের প্রযুক্তি ও মানবসভ্যতার এক অদ্ভুত রূপরেখা পাওয়া যায়।

 

সম্প্রতি ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক জানান, আগামী পাঁচ বছর অর্থাৎ ২০৩১ সালের দিকে ডিজিটাল বুদ্ধিমত্তা বিশ্বের সব মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে বৈশ্বিক অর্থনীতি দ্বিগুণ হওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি।

হিউম্যানয়েড রোবট নিয়েও তিনি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি জানান, আগামী এক দশকের মধ্যে পৃথিবীতে একশ কোটিরও বেশি হিউম্যানয়েড রোবট থাকতে পারে, যা মানুষের চেয়ে বহুগুণ বেশি উৎপাদনশীল হবে। এমনকি টেসলার ‘অপ্টিকাস’ রোবট ভবিষ্যতে অত্যন্ত দক্ষ সার্জনের কাজ করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কাজের ভবিষ্যৎ নিয়ে মাস্কের ধারণা আরও স্পষ্ট। তিনি মনে করেন, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে মানুষ আর জীবিকা নির্বাহের জন্য কাজ করতে বাধ্য থাকবে না। কাজ করাটা অনেকটা শখের বসে বাগান করার মতো ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়াবে।

পণ্য ও সেবার উৎপাদন এতোটাই বেড়ে যাবে যে ‘ইউনিভার্সাল বেসিক ইনকাম’-এর জায়গায় প্রয়োজন হবে ‘ইউনিভার্সাল হাই ইনকাম’। দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, পর্যাপ্ত উৎপাদনের কারণে ২০৩৬ সালের দিকে অর্থের প্রয়োজনীয়তাই হয়তো উঠে যাবে।

তবে সতর্কতার বিষয় হলো- সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ২০২৭ থেকে ২০৩৬ সালের প্রতিটা বছরের আলাদা আলাদা তালিকা দেওয়া হচ্ছে, যেমন ২০২৮ সালে কোডিং পুরোপুরি এআইয়ের নিয়ন্ত্রণে চলে যাওয়া কিংবা ২০৩৪ সালে সার্বজনীন উচ্চ আয় চালু হওয়া— এমন নিশ্চিত কোনো বছরভিত্তিক তালিকার শক্ত উৎস পাওয়া যায়নি।

অতএব, ২০২৭ থেকে ২০৩৬ সালের পুরো তালিকাটি নিশ্চিত সত্য না হলেও, ইলন মাস্কের প্রকৃত বক্তব্যগুলো আমাদের ইঙ্গিত দেয় যে আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ, অর্থনীতি এবং জীবনযাত্রার ধরন পুরোপুরি বদলে দিতে যাচ্ছে।

২০৩৬ সালে বাতিল হচ্ছে টাকা-পয়সা?

প্রযুক্তি কি সত্যিই আগামী ১০ বছরে আমাদের অর্থনীতি বদলে দেবে? সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ইলন মাস্কের মতে ২০৩৬ সালে নাকি টাকা-পয়সার কোনো মূল্যই থাকবে না! তবে সত্যটা হচ্ছে— মাস্ক সরাসরি বছর নির্দিষ্ট না করলেও জানিয়েছেন, এআই ও হিউম্যানয়েড রোবট যদি মানুষের চাহিদার চেয়ে বেশি উৎপাদন শুরু করে, তবে স্বাভাবিকভাবেই অর্থের প্রয়োজন ফুরিয়ে যাবে। মানুষ জীবিকার জন্য নয়, বরং শখের বশে কাজ করবে!

আগামী ১০ বছরে মানুষের কপালে কী আছে?

আপনার কাজ কি খুব শীঘ্রই দখল করতে চলেছে কোনো রোবট? সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি তালিকায় বলা হচ্ছে, আগামী ১০ বছরে মানুষের কাজ পুরোপুরি রোবট ও এআইয়ের নিয়ন্ত্রণে চলে যাবে। ইলন মাস্কের বক্তব্য অনুযায়ী, আগামী এক দশকের মধ্যেই পৃথিবীতে প্রায় ১০০ কোটির বেশি হিউম্যানয়েড রোবট তৈরি হতে পারে। এর ফলে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে কাজ মানুষের জন্য বাধ্যতামূলক না হয়ে একটি ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়াবে!

—জা. অর্থনীতি/এলএটি