Print Date & Time : 28 October 2026 Wednesday 03:33 am

কোনাবাড়ীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

image

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় হাজী বাবুলের ভাড়া দেওয়া সাতটি ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ী এলাকায় হাজী বাবুলের ভাড়া দেওয়া সাতটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

—জা.অর্থনীতি/আরএস