Print Date & Time : 28 October 2026 Wednesday 03:43 am

এডিপি বাস্তবায়নে ৩.৮৯ শতাংশ, পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন (ভিডিও)

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে তিন লাখ কোটি টাকারও বেশি। কিন্তু অর্থবছরের প্রথম তিন মাসে সেই অর্থের ব্যয় হয়েছে মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশ! গত পাঁচ বছরের মধ্যে এডিপি বাস্তবায়নের এই হার সর্বনিম্ন। তিনটি মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থই ব্যয় করতে পারেনি। অন্যদিকে, কমেছে বৈদেশিক ঋণ ও অনুদানের ব্যবহারও। প্রশ্ন উঠছে, উন্নয়ন প্রকল্পের এত বড় বরাদ্দের অর্থ ব্যয়ে গতি নেই কেন?

২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়নের চিত্র উঠে এসেছে আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে।

 

প্রতিবেদন বলছে, তিন মাসে এডিপিতে ব্যয় হয়েছে ১২ হাজার ১৭ কোটি ৫৪ লাখ টাকা। অথচ আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১২ হাজার ১৫৮ কোটি ২৭ লাখ টাকা। তখন বাস্তবায়নের হার ছিল ৫ দশমিক ৯ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ শতাংশে।

শুধু সেপ্টেম্বর মাসের হিসাবেও রয়েছে ধীরগতির চিত্র। এ মাসে ব্যয় হয়েছে ৬ হাজার ৩০৭ কোটি ৮৪ লাখ টাকা, বাস্তবায়নের হার ২ দশমিক ৪ শতাংশ।

আইএমইডির তথ্য বলছে, চলতি অর্থবছরে এডিপির আওতায় ১ হাজার ১৫৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সংস্থার নিজস্ব অর্থায়নসহ মোট বরাদ্দ ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ লাখ ৯০ হাজার কোটি, বৈদেশিক ঋণ ও অনুদান ১ লাখ ১০ হাজার কোটি এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন প্রায় ৮ হাজার ৯২৫ কোটি টাকা।

৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে নয়টির ব্যয়ের হার ১ শতাংশের নিচে। সেতু বিভাগ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথম তিন মাসে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। এক শতাংশের কম ব্যয় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইএমইডি এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।

অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ পেয়েছে এডিপির মোট বরাদ্দের ৫২ শতাংশ। একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ ৩৩ হাজার ৩৭৪ কোটি টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রথম তিন মাসে বিভাগটি ব্যয় করেছে ৪ হাজার ১৪৪ কোটি ৭৭ লাখ টাকা, যা নিজস্ব বরাদ্দের ১২ দশমিক ৪২ শতাংশ।

বরাদ্দের তুলনায় ব্যয়ের হারে এগিয়ে রয়েছে দুর্নীতি দমন কমিশন , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

পাশাপাশি রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ।

এডিপি বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বৈদেশিক অর্থের ব্যবহার কমে যাওয়া।

বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৪৪২ কোটি টাকা, যা বরাদ্দের ৩ দশমিক ১৩ শতাংশ। আর সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়েছে প্রায় ৫১৮ কোটি টাকা, যা বরাদ্দের ৫ দশমিক ৮০ শতাংশ।

সব মিলিয়ে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়নের ধীরগতি এবং বৈদেশিক অর্থ ব্যবহারে পতন উন্নয়ন ব্যয়ের চিত্রে বড় প্রশ্ন তৈরি করেছে। অর্থবছরের বাকি সময়ে এই বাস্তবায়নের গতি কতটা বাড়ে, এখন সেটিই দেখার বিষয়।

—জা. অর্থনীতি/এলএটি