জাতীয় অর্থনীতি অনলাইন: আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘মেডিকেল ফিজিক্স কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কখা বলেন।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা, ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার স্থাপন এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে হেলথ ওয়েলবিং সেন্টারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতে ১৭টি লিনিয়ার এক্সিলারেটর মেশিন আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আট বিভাগ ও জেলা পর্যায়ে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব যন্ত্র পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি মেডিকেল ফিজিসিস্ট নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া দেশে প্রথমবারের মতো পাঁচটি রোবোটিক সার্জারি মেশিন আনার পরিকল্পনার কথাও জানান তিনি। মেডিকেল ফিজিক্সে দক্ষ জনবল তৈরিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সরকার সহযোগিতা করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
—জা.অর্থনীতি/জেআরটি