Print Date & Time : 28 October 2026 Wednesday 02:55 am

অনির্দিষ্টকালের অবরোধ চলছে সাজেকে

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে গতকাল শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ দিন ভোর থেকেই রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ির ধর্মঘর এলাকার সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধকারীরা পিকেটিং করেন। এছাড়া কুতুকছড়ি হাফবাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারীরা। 

অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া এলাকায় অবরোধ পালন করা হলেও সেখানে দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। এছাড়া রাঙামাটি শহরের অভ্যন্তরীণ সড়কগুলোয় যান চলাচল ও দোকানপাট স্বাভাবিক ছিল। জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় নৌপথে সচল ছিল যান চলাচল।

রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে দুপুর ১২টার পর অবরোধ শেষ হওয়ায় আমাদের গাড়িগুলো চলতে শুরু করেছে। যদিও যাত্রীসংখ্যা খুব কম।’

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির রিজার্ভ বাজার লঞ্চঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, সকাল থেকে জেলা শহর থেকে বিভিন্ন নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।


আধাবেলা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানান ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা । তার ভাষ্য, সাজেকে সন্ত্রাস ও উৎপাতের বিরুদ্ধে জনগণের আন্দোলন এবং তাদের ন্যায্য দাবির প্রতি ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের পূর্ণ সমর্থন রয়েছে। সাজেকবাসীর ন্যায্য দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘অবরোধ চলাকালে বেশ কয়েকটি সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সাজেক সড়কে অবরোধ অব্যাহত
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। অবরোধের কারণে গতকালও সাজেক সড়কে যান চলাচল বন্ধ ছিল। সাজেক পর্যটনকেন্দ্রও বন্ধ। গত শুক্রবার সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়কের ১০ নম্বর এলাকা, মাচালং ১৪ কিলো, মারিশ্যা ১১ কিলোসহ সাজেক সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, ‘দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।’

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘অবরোধ অব্যাহত রয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।’