জাতীয় অর্থনীতি স্পোর্টস: ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতে ‘স্প্রিন্ট ডাবল’ পূর্ণ করেছেন দেশের দুই দ্রুততম মানব-মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ট্র্যাকে ঝড় তুলে শিরিন আক্তার গড়িয়েছেন নতুন জাতীয় রেকর্ড।
নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড ভেঙে সোনা জেতেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। এর আগে ২০২৪ সালের জাতীয় অ্যাথলেটিকসে ২৪.৬৮ সেকেন্ডে আগের রেকর্ডটি গড়েছিলেন তিনি। দুর্দান্ত টাইমিংয়ে ট্র্যাকে নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করলেন এই তারকা অ্যাথলেট।
অন্যদিকে, পুরুষদের ২০০ মিটারে ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেন ইমরানুর রহমান। গত বছরের ইনজুরির পুরোনো আক্ষেপ ও ব্যর্থতা পেছনে ফেলে এটি ছিল তার জন্য এক দারুণ প্রত্যাবর্তন। মাত্র ০.০৩ সেকেন্ডের জন্য নতুন জাতীয় রেকর্ড গড়তে না পারলেও ট্র্যাকে সেরাটা দিতে পেরে সন্তুষ্ট তিনি। এর আগে আসরের প্রথম দিনে ১০০ মিটার স্প্রিন্টেও সোনা জিতেছিলেন ইমরানুর ও শিরিন।
ঘরোয়া ট্র্যাকে জোড়া সোনা জয়ের এই সাফল্যের পর ইমরানুর এখন চোখ রাখছেন আন্তর্জাতিক অঙ্গনে। আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস) দেশের জন্য সোনার পদক জয়ই এখন তার প্রধান লক্ষ্য।
জা. অর্থনীতি/এআর