Print Date & Time : 27 October 2026 Tuesday 12:57 am

বিসিবি’র ডি থ্রি ট্রফি টুর্নামেন্ট, উদ্বোধনী ম্যাচ ১৫ ডিসেম্বর

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ঘরোয়া ক্রিকেটে নতুন উন্মাদনা নিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১৫ ডিসেম্বর জীবনানন্দ দাসের শহর বরিশালে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই প্রতিযোগিতার। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ৩১ ডিসেম্বর।

বিসিবির টুর্নামেন্ট কমিটি জানিয়েছে, প্রধান ভেন্যু হিসেবে বরিশালকে বেছে নেওয়া হলেও কিছু ম্যাচ হোম অব ক্রিকেটেও অনুষ্ঠিত হবে। আসরে অংশ নিচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক মোট ৬টি দল—একমি, ফরচুন, ওয়ালটন, সিটিজেন ব্যাংক, সেভেন রিংস সিমেন্ট ও ব্লু স্টার। লিগ পদ্ধতিতে প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১৫টি লিগ পর্বের। বরিশালের মাঠে ৮টি এবং মিরপুরে ৭টি ম্যাচ আয়োজিত হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল প্লে-অফে লড়াই করবে। এছাড়া প্লে-অফের সব ম্যাচই বরিশালে অনুষ্ঠিত হবে। কোনো ম্যাচ রাতে না রেখে দিনের আলোতেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

উদ্বোধনী দিনে দুপুর ২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে একমি ও ফরচুন। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মাঠে নামবে অন্য দলগুলো। নতুন এই ঘরোয়া টুর্নামেন্ট ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে দারুণ উৎসাহ তৈরি হয়েছে।

জা. অর্থনীতি/এআর