Print Date & Time : 25 October 2026 Sunday 11:05 pm

বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ

image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পৃথক অভিযানে ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা।

রোববার (২৫ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ওই অভিযান চালান।

অভিযানে ট্রেন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিম ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।

এ ছাড়া কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে একজন আসামিসহ বিভিন্ন ধরনের কসমেটিকস, খাদ্যসামগ্রী, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং অবৈধ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এসবের জব্দমূল্য ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব সফল অভিযানে সর্বমোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের বিষয়ে কাস্টমস আইনসহ প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

—জা. অর্থনীতি/এলএটি