Print Date & Time : 24 October 2026 Saturday 10:02 pm

খুলনায় মুদি দোকানিকে গুলি

image

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামের এক মুদি দোকানি গুরুতর আহত হয়েছেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ টুটপাড়ার ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ধনঞ্জয় কুন্ডু গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিবপদ কুন্ডু ও বিনা রানী কুন্ডুর ছেলে। তিনি স্থানীয় গাছতলা মন্দির মোড় এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত গাছতলা মন্দিরের সামনে আসে। এ সময় তারা ধনঞ্জয়কে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলিটি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি জানান, “কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”  

—জা. অর্থনীতি/এলএটি