Print Date & Time : 27 October 2026 Tuesday 08:10 am

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

image

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাসাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শনিবার (২৪ অক্টোবর) রাতের দুর্ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা আহত ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ঘটনাস্থলেই পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে।

জা.অর্থনীতি/এসআই