Print Date & Time : 26 October 2026 Monday 03:53 am

এবার কয়েল-স্প্রে ছাড়াই মশা মারবে চীনের যন্ত্র? (ভিডিও)

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: মশা মারতে এবার কি আর কয়েল বা স্প্রের প্রয়োজন হবে না? চোখের সামনে মশাকে শনাক্ত করে লেজারেই নিধন করবে ছোট্ট এক যন্ত্র! চীন থেকে বাজারে আসছে এমনই একটি পোর্টেবল ডিভাইস। তবে, প্রশ্ন হলো, এই প্রযুক্তি কতটা কার্যকর ও নিরাপদ?

মশা নিধনে প্রচলিত কয়েল, স্প্রে কিংবা বৈদ্যুতিক ফাঁদের বাইরে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও লেজার প্রযুক্তি। চীনের প্রতিষ্ঠান ‘ফোটন ম্যাট্রিক্স ল্যাব’ মশা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লেজার দিয়ে নিধন করতে সক্ষম একটি পোর্টেবল যন্ত্রের বড় পরিসরে উৎপাদন শুরু করেছে।

 

ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ইন্ডিগোগোতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্টেই যন্ত্রটির উৎপাদন শুরু হয়েছে এবং মাসের শেষ দিকে ক্রেতাদের কাছে প্রথম চালান পাঠানোর পরিকল্পনা রয়েছে। কোম্পানির দাবি, ছোট এই ডিভাইসে লিডার, মিলিমিটার-ওয়েভ রাডার, এআইচালিত ক্যামেরা এবং নির্ভুল লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রথমে সেন্সর ও ক্যামেরার মাধ্যমে ছোট উড়ন্ত পোকা শনাক্ত করবে যন্ত্রটি। এরপর লক্ষ্যবস্তু নির্ধারণ করে লেজার রশ্মি ব্যবহার করে মশা নিধনের চেষ্টা করবে। ইনফ্রারেড ও ব্লু-লেজার—দুটি সংস্করণ বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, চীনে মশা নিধন প্রযুক্তির বাজারও দ্রুত বাড়ছে। সিনহুয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ঝেজিয়াংয়ের জিনহুয়া শহর থেকে প্রায় ৪৫ মিলিয়ন ইউয়ান মূল্যের মশারোধক পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। আগের বছরের তুলনায় যা ৬৫ শতাংশের বেশি।

এর আগে, ২০২৩ সালের হাংচৌ এশিয়ান গেমসেও স্বয়ংক্রিয় মশা নিধন রোবট ব্যবহার করা হয়েছিল। এসব রোবট কার্বন ডাই-অক্সাইড, অতিবেগুনি রশ্মি ও মানবদেহের তাপমাত্রার অনুকরণ করে মশাকে আকৃষ্ট করত। তবে, লেজারভিত্তিক নতুন এই প্রযুক্তি নিয়ে প্রশ্নও রয়েছে। কোম্পানির দাবি এখনো স্বাধীনভাবে ব্যাপক পরীক্ষায় পুরোপুরি যাচাই হয়নি। নিরাপত্তা ও কার্যকারিতা নিয়েও আরও তথ্য প্রকাশের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ, মশা নিধনে প্রযুক্তির ব্যবহার দ্রুত এগোলেও, ঘরের সাধারণ ব্যবহারে এসব যন্ত্র কতটা কার্যকর, নিরাপদ ও সাশ্রয়ী হবে, তার উত্তর মিলবে বাস্তব ব্যবহারের পরই।

কয়েল-স্প্রের যুগ শেষ?

মশা মারতে এবার কি আর কয়েল বা স্প্রের প্রয়োজন হবে না? চোখের সামনে মশাকে শনাক্ত করে লেজারেই নিধন করবে ছোট্ট এক যন্ত্র! চীন থেকে বাজারে আসছে এমনই একটি পোর্টেবল ডিভাইস। তবে প্রশ্ন হলো, এই প্রযুক্তি কতটা কার্যকর ও নিরাপদ?

কয়েল-স্প্রে ছাড়াই মশা মারবে চীন?

মশা মারতে এবার লেজার প্রযুক্তি নিয়ে আসছে চীনের ফোটন ম্যাট্রিক্স ল্যাব। এআই ক্যামেরা, লিডার ও রাডারের সাহায্যে মশা শনাক্ত করে লেজার দিয়ে নিধনের দাবি করেছে প্রতিষ্ঠানটি। আগস্টে শুরু হয়েছে বড় পরিসরের উৎপাদন। তবে, এর কার্যকারিতা ও নিরাপত্তা এখনো স্বাধীনভাবে পুরোপুরি যাচাই হয়নি।

—জা. অর্থনীতি/এলএটি