Print Date & Time : 23 October 2026 Friday 02:42 am

দুর্দান্ত লড়াই করে রানার্সআপ বাংলাদেশ, নারী হ্যান্ডবল চ্যাম্পিয়ন ভারত

image

জাতীয় অর্থনীতি স্পোর্টস:  আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত খেলার সুযোগ না থাকলেও ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’তে দুর্দান্ত লড়াই করে রানার্সআপের সম্মান অর্জন করেছে বাংলাদেশের নারী হ্যান্ডবল দল। আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে শক্তিশালী ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে স্বাগতিকেরা।

তবে ফলাফল ছাপিয়ে সংবাদের শিরোনাম কেড়ে নিয়েছে লাল-সবুজের মেয়েদের দুর্দান্ত প্রতিরোধ। গ্রুপ পর্বে ভারতের কাছে ৪৭ গোল হজম করা বাংলাদেশ ফাইনালে দারুণ লড়াই চালিয়েছে। ম্যাচের প্রথম ১৫ মিনিটে দুই দলই ৬-৬ সমতায় সমানতালে লড়লেও পরবর্তীতে ভারতের আক্রমণাত্মক উইং প্লে ও পাল্টা আক্রমণে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। চ্যাম্পিয়ন ভারতের ভাওয়ানা শর্মা টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেন।

ফাইনালে হেরে গেলেও দলের এই ধারাবাহিক উন্নতিতে সন্তুষ্ট বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো। তিনি জানান, দল সঠিক পথেই আছে; তবে কাঙ্ক্ষিত সাফল্য পেতে রক্ষণভাগ ও খেলোয়াড়দের ফিটনেসে আরও জোর দিতে হবে। একইভাবে অধিনায়ক ইসমেতারা নিশিও ম্যাচ না পাওয়ার আফসোস জানিয়ে ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ দাবি করেন।

উল্লেখ্য, ৪ দেশের এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল।

জা. অর্থনীতি/এআর