Print Date & Time : 25 October 2026 Sunday 11:41 am

১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

image

ভোলা প্রতিনিধি: আগামী ১০ বছরের মধ্যে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকপাত করে স্পিকার বলেন, "আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয় আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।"

আওয়ামী লীগ সরকারের বিগত শাসনকালের সমালোচনা করে স্পিকার বলেন, "আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না।"

নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "একজন মানুষ বিত্তবান না হলেও যদি তার জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকে, তবে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে যাতে সাধারণ মানুষ নির্বাচনে অংশ নিতে পারে।"

গত ১৭ বছর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি উল্লেখ করে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং এটি অত্যন্ত প্রয়োজন।

ভোলার প্রাকৃতিক সম্পদ ও স্থানীয়দের দুর্ভোগ নিয়ে কথা বলতে গিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, "ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে, যা সারা দেশের বর্তমান রিজার্ভের সমপরিমাণ। আশা করা যাচ্ছে এখানে আরও গ্যাসের ভাণ্ডার রয়েছে। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি। এখানকার সাধারণ মানুষ অনেক দিন ধরে কষ্ট করছে। এ বিষয়ে আমি দ্রুতই জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলব।"

প্রেস ব্রিফিংকালে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্য সচিব রাইসুল আলমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এএইচএ