Print Date & Time : 22 October 2026 Thursday 06:24 am

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

image

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: মালয়েশিয়া সরকার ইসরায়েলে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অ্যাপটির ইসরায়েলি উৎস নিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ বুধবার) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিম বলেন, ওয়েজ ব্যবহারের কারণে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখছে সরকার। তার দাবি, অ্যাপটি ইসরায়েলের আইন দ্বারা পরিচালিত হতে বাধ্য।

জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মানুষের তথ্য ও পরিচয়ের নিরাপত্তার বিষয়ে আমরা কোনো আপস করতে পারি না।

তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি আনোয়ার। বিকল্প হিসেবে তিনি মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি দেশীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

সরকারি সংস্থাগুলোর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে মালয়েশিয়ার সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর জানিয়েছেন, এখন থেকে সরকারি কর্মীরা ওয়েজ ব্যবহার করতে পারবেন না।

চিঠিতে বলা হয়েছে, আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইসরায়েলে তৈরিকৃত ওয়েজ স্যাটেলাইট সংকেত ও চালকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য ব্যবহার করে যানজটের হালনাগাদ পরিস্থিতি জানায়। ২০১৩ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১০০ কোটি ডলারে অ্যাপটি অধিগ্রহণ করে।

—জা.অর্থনীতি/জেআরটি