Print Date & Time : 21 October 2026 Wednesday 06:41 pm

সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

image

অনলাইন ডেস্ক: ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার সময় পাগলাপীরে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে জড়ো হওয়া মানুষের উদ্দেশে তিনি সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানান।

তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু এবং কৃষক কার্ড চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সরকার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। দেশ গড়ার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানালে উপস্থিত জনতা হাত তুলে সমর্থন জানান।

এর আগে সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

জা.অর্থনীতি/এসআই