অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বিভাগের তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।
এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।
রাজশাহী থেকে চট্টগ্রামে গিয়ে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।
এর আগে রবিবার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদযাপিত হবে। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
জা.অর্থনীতি/এসআই